ভূমিকম্পের ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম সই করা ওই বিজ্ঞপ্তিতে, দুর্ঘটনা সম্পর্কিত যেকোনও তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো–
মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮
ফোন: ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।