শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’–এর টাইটেল রিভিল ভিডিও প্রকাশ পেয়েছে ২ নভেম্বর, কিং খানের ৬০তম জন্মদিনে। সিলভার–হেয়ার লুক, দুর্দান্ত অ্যাকশন—পুরো নতুনভাবে হাজির হয়েছেন বলিউড বাদশা। মাত্র কয়েক মিনিটেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
তবে এর মধ্যেই শুরু হয়েছে তুলনা। টিজারের এক দৃশ্যে শাহরুখকে দেখা যায় নীল শার্টের সঙ্গে মাস্টার্ড ইয়েলো জ্যাকেট পরা। অনেকেই দাবি করতে শুরু করেন—এই লুক নাকি ব্র্যাড পিটের ‘এফ ১’ ছবির লুক থেকে কপি! কিন্তু খান–ভক্তরা পাল্টা প্রমাণ তুলে দেন—২০১৭ সালে ‘জব হ্যারি মেট সেজল’–এ শাহরুখকে একই পোশাকে দেখা গিয়েছিল।
একজন বলিউডপ্রেমী তিনটি ছবির ফ্রেম পাশাপাশি পোস্ট করে মন্তব্য করেন, হেটারদের নতুন লজিক:
‘বলিউডে যদি থাকে—
ফাইটার জেট তাহলে ‘টপ গান’ কপিশিপ থাকলে ‘টাইটানিক’ কপিএকই পোশাক থাকলে ‘এফ ১’ কপিকমলা পোশাক থাকলে অ্যান্টি–হিন্দু!’
সেই পোস্টে দু’টি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
বুঝিয়ে দিলেন, এ যেন নতুন কিছু নয়। এর আগে তার ‘ফাইটার’ ছবিকে ‘টপ গান’–এর নকল বলা হয়েছিল। আবার শাহরুখের ‘পাঠান’–এ দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়েও উঠেছিল ধর্মীয় বিতর্ক।
শাহরুখ ছাড়াও ছবিতে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়ালসহ আরও অনেকে। শোনা যাচ্ছে—অভিষেকই নাকি ছবির মূল খলনায়ক!
‘কিং’ প্রযোজনা করছে শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স। সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। ২০২৬ সালে ছবিটি মুক্তি পাবে বিশ্বব্যাপী। নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি।
সূত্র: ডিএনএ