বিয়ে করলেন সেলেনা গোমেজ, অনুষ্ঠানে তারার মেলা

বিয়ে করলেন সেলেনা গোমেজ, অনুষ্ঠানে তারার মেলা

হলিউড তারকা সেলেনা গোমেজের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গতকাল শনিবার নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান এই গায়িকা-অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সবুজ লনে স্বামীকে আলিঙ্গন ও চুম্বন করছেন এ তারকা। খবর পিপলডটকমের

গত শুক্রবার সন্ধ্যায় হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয়েছিল রিহার্সাল ডিনার। আর মূল অনুষ্ঠানটি হয়েছে সি ক্রেস্ট নার্সারিতে, যেখানে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের প্রায় ১৭০ জন অতিথি। অতিথিদের জন্য ছিল বাড়তি নিরাপত্তা ও বিশাল সাদা তাঁবুর নিচে খাওয়াদাওয়া ও নাচগানের আয়োজন।

ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে তাঁ মন্তব্যে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।’ বিয়েতে গোমেজ পরেছিলেন সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন, ফুলেল এমব্রয়ডারির ছোঁয়ায় তৈরি পোশাকটি বানানো হয় রালফ লরেনের স্টুডিওতে। ব্লাঙ্কো ছিলেন কালো টাক্সেডো ও বো-টাইয়ে, সেটিও রালফ লরেনের তৈরি। সান্তা বারবারায় বিশাল তাঁবু খাটিয়ে বিয়ের আয়োজন করেন তাঁরা। পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা যায় সেই আয়োজনের ঝলক।

বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছেন সেলেনার সহকর্মী ও বন্ধুদের অনেকে। ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, ‘আমাদের মেবল বিয়ে করেছে।’ তাঁর প্রসাধনী ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, ‘তোমাদের দুজনের জন্যই আমরা ভীষণ খুশি।’ শুভেচ্ছা জানিয়েছেন গায়িকা ক্যামিলা কাবেলো ও কৌতুক অভিনেত্রী অ্যামি শুমারও।

৩৭ বছর বয়সী ব্লাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজ প্রায় এক দশক আগে পরিচিত হন। গত বছর ডিসেম্বরে তাঁরা বাগ্‌দান সম্পন্ন করেন। এর আগে দুজন একসঙ্গে কাজ করেছেন ২০১৯ সালের গানের ভিডিওতে।

ব্লাঙ্কো বিখ্যাত বেশ কিছু গানের প্রযোজক—কেটি পেরির ‘টিনএজ ড্রিম’, ব্রিটনি স্পিয়ার্সের ‘সার্কাস’ও মেরুন ৫-এর ‘মুভস লাইক জ্যাগার’ তাঁর হাতেই তৈরি। অন্যদিকে গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘গুড ফর ইউ’, ‘শেম ওল্ড লাভ’ ও ‘কাম অ্যান্ড গেট ইট’।

ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ দিয়ে খ্যাতি পাওয়া গোমেজ এখনো অভিনয় করছেন হুলুর জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিংয়ে’। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ৪১৭ মিলিয়ন। ইনস্টাগ্রামে এত অনুসারী নেই কোনো নারী তারকার।

বিয়েতে অতিথি ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ–অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin