কণ্ঠনালীর সফল সার্জারির প্রায় চার বছর পর ফের গানের মঞ্চে ফিরছেন রক কিংবদন্তি বন জোভি। এরমধ্যে তার দল ঘোষণা করেছে ‘ফরএভার ট্যুর’ কনসার্টের। লাইভ নেশন প্রযোজিত এই ওয়ার্ল্ড ট্যুর শুরু হবে ২০২৬ সালের জুলাই মাসে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে চারটি কনসার্ট দিয়ে। এরপর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ফিরবে ব্যান্ডটি—যেখানে ২০১৯ সালের পর এটাই তাদের প্রথম পারফরম্যান্স হতে যাচ্ছে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেও থাকবে একটি বিশাল শো।
জন বন জোভি এক বিবৃতিতে বলেন, ‘এই ঘোষণায় অনেক আনন্দ রয়েছে। আনন্দের কারণ, আমরা আমাদের অসাধারণ ভক্তদের সঙ্গে আবারও সেই রাতগুলো ভাগ করে নিতে পারব। আরও আনন্দ যে, ব্যান্ডটি আবার একসঙ্গে মঞ্চে উঠছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আমি প্রতি রাতে দর্শকদের দিকে আলো ছুঁড়ে দিতে পারবো এবং তাদের সামনে দাঁড়িয়ে সেই সম্মিলিত অভিজ্ঞতা অনুভব করতে পারবো। আমি আগেও কৃতজ্ঞতার কথা বলেছি, কিন্তু আবারও বলবো— আমি গভীরভাবে কৃতজ্ঞ যে ভক্তরা এবং ব্যান্ডের সহযোদ্ধারা ধৈর্য ধরে আমাকে সুস্থ হতে ও প্রস্তুত হতে সময় দিয়েছেন। এখন আমি পুরোপুরি প্রস্তুত ও উচ্ছ্বসিত!’
এছাড়া বন জোভি সম্প্রতি প্রকাশ করছে তাদের ১৬তম স্টুডিও অ্যালবাম ‘ফরএভার’-এর ‘লিজেন্ডারি এডিশন’। যেখানে নতুনভাবে সাজানো গানগুলিতে অংশ নিয়েছেন আধুনিক যুগের তারকারা— ব্রুস স্প্রিংস্টিন, লেইনি উইলসন, জেলি রোল, জেসন ইসবেল, কারিন লিওন, জো এলিয়ট, রববি উইলিয়ামস, অ্যাভরিল ল্যাভিনসহ আরও অনেকে।
বন জোভি টিম জানিয়েছে, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ভক্তরা অ্যালবামের প্রি-অর্ডার করে ট্যুরের প্রি-সেল টিকিটে প্রবেশাধিকার পাবেন। যা শুরু হবে অক্টোবর ২৭ থেকে। সপ্তাহজুড়ে আরও প্রি-সেল চলবে, আর সাধারণ বিক্রি শুরু হবে অক্টোবর ৩১ তারিখ থেকে।
ফরএভার ট্যুর-এর সূচি
৭ জুলাই— নিউ ইয়র্ক, ম্যাডিসন স্কয়ার গার্ডেন
৯ জুলাই— নিউ ইয়র্ক, ম্যাডিসন স্কয়ার গার্ডেন
১২ জুলাই— নিউ ইয়র্ক, ম্যাডিসন স্কয়ার গার্ডেন
১৪ জুলাই— নিউ ইয়র্ক, ম্যাডিসন স্কয়ার গার্ডেন
২৮ আগস্ট— এডিনবার্গ, যুক্তরাজ্য, স্কটিশ গ্যাস মারিফিল্ড স্টেডিয়াম
৩০ আগস্ট— ডাবলিন, আয়ারল্যান্ড, ক্রোক পার্ক
৪ সেপ্টেম্বর— লন্ডন, যুক্তরাজ্য, ওয়েম্বলি স্টেডিয়াম
সূত্র: ভ্যারাইটি