রাজধানীর বংশাল এলাকার নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সে পরিবারের সঙ্গে বংশালের ওই ভাড়া বাসায় থাকতো।
সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে বংশালের বিকে গাঙ্গুলি লেনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক নবকুমার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে রাতে সবার অগোচরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশফাকের ভাই আলিফ বলেন, ‘রাতে আমরা ঘরে ছিলাম, হঠাৎ দেখি দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তখন আর বাঁচানো যায়নি।’
তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বংশাল থানায় জানানো হয়েছে।’