সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহান ওই ঘটনা ঘটান।

স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির প্রয়াত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

এদিকে ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহানের মোবাইল নম্বরে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin