যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি ও ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়ে এবার নিজ দেশে ফিরছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে লীসা গাজী পরিচালিত সিনেমাটি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প ‘বাড়ির নাম শাহানা’। এ চলচ্চিত্রের মূল চরিত্র দীপা। নব্বই দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্যে অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবিলা করতে!
মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে।
সিনেমাটি বাংলাদেশ ও ইংল্যান্ডে দৃশ্যধারণ হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সাথে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে। কোনও ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে।
‘বাড়ির নাম শাহানা’ পরিচালক লীসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন জিত। চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনায় রয়েছেন সোহিনী আলম।
পরিচালক লীসা গাজী বলেন, ‘‘বাড়ির নাম শাহানা’ আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করে। এটি বিষণ্ন করার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।’’
বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে সিনেমাটি মুক্তি পাবে। অস্ট্রেলিয়াতে ‘বাড়ির নাম শাহানা’ পরিবেশন করছে সাকিব ইফতেখার এবং ফয়সাল বাসার, পরিবেশনা প্রতিষ্ঠান স্ক্রিনস্কোপ থেকে।
বলা দরকার, ‘বাড়ির নাম শাহানা’ ২০২৩ সালের এমএএমআই মুম্বাই চলচ্চিত্র উৎসবে ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ড থেকে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতেছে। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। রোমের কারাভান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এও একই পুরস্কার পেয়েছে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়। এছাড়া আমেরিকার শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানারআপ জুরি পুরস্কার অর্জন করে।