আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপের প্রথমেই ১২টি রাজনৈতিক দলের সঙ্গে বসতে চায় ইসি।
মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য জানান।
আশাদুল হক বলেন, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬টি এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬টি; মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
জানা যায়, সকাল থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুপুর থেকে সংলাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের সঙ্গে।
এদিকে আজ দুপুরে নির্বাচনি সংলাপে সব নিবন্ধিত রাজনৈতিক দল থাকবে কিনা- জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী রবিবার থেকে শুরু করি। সব নিবন্ধিত দল নিয়েই তো আলোচনা করতে হবে। ১৩ তারিখের আলোচনায় কাদের ডাকা হবে এখনও পর্যন্ত ঠিক করিনি। আপনাদের পর্যায়ক্রমে এটা জানাবো।’
জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা জানতে চাইলে বিষয়টি ‘এড়িয়ে গিয়ে’ ইসি সচিব বলেন, ‘কাদের ডাকবো এখনও ঠিক করিনি। আলোচনা করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ধাপে ধাপে জানতে পারবেন।’
দলগুলোর সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে- জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আরপিও এবং আচরণবিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের সহযোগিতা- এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাদের বক্তব্য শুনবো।’