১৩ নভেম্বর ফিফা প্রীতি ম্যাচে নেপাল ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচকে ঘিরে পরিকল্পনা আঁটছেন হাভিয়ের কাবরেরা। তবে নেপাল থেকে ভারত ম্যাচই বেশি গুরুত্ব পাচ্ছে। ১৮ নভেম্বরের ম্যাচে দুই প্রবাসী হামজা চৌধুরী ও শমিত সোমের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় বাংলাদেশের কোচ।
মঙ্গলবার (১১ নভেম্বর) কিংস অ্যারেনাতে অনুশীলনের এক ফাঁকে কাবরেরা বলেছেন, পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে। আমরা এখন শুধু পরশুর ম্যাচ নিয়ে ভাবছি না; বিশেষ করে ভারতের ম্যাচটিকে সামনে রেখে কাজ করছি। আজও গুরুত্বপূর্ণ একটি সেশন আছে, যেখানে খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। শমিত আগামীকাল এসে দলে যোগ দেবে, তবে আজ রাতে সে আসার পর তার অবস্থা দেখে নিতে হবে। প্রথমত, আমরা তাদের যত্ন নিচ্ছি যাতে ভারত ম্যাচে তারা সেরা অবস্থায় থাকতে পারে। তবে আশা করছি, দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবে।'
ভারত ম্যাচ নিয়ে আলাদা করে কোচ জানালেন, 'আমরা ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। তাই যতটা সম্ভব গেমটাইম দেব এবং ১৭ জনকেই ব্যবহার করার চেষ্টা করব। প্রথম একাদশ এবং ছয়জন বদলি। হ্যাঁ ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত হওয়া এবং জেতার দিকেই মনোযোগ দিতে চাই।খুবই দারুণ। এত মানুষ, এত মনোযোগ দেখে বোঝা যায় দলটা এটেনশন পাচ্ছে। বিশেষ করে হামজা যোগ দেওয়ার পর এবং তার সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সগুলোর কারণে।'বাংলাদেশ দল ঘিরে আলোচনা সমালোচনা আছে। আছে কোচ কাবরেরাকে নিয়েও সমালোচনা।
কাবরেরা এ নিয়ে অবগত। তাই বলেছেন, 'মাঝে মাঝে যে বিশৃঙ্খলা হয়, সেটিও উপভোগ করছি। সামগ্রিকভাবে এটা সবার জন্য ভালো।এটাই কাজেরই অংশ। এই চার বছরে আমরা সব ধরনের উথানপতনের মধ্য দিয়ে গিয়েছি। অনেক সময় ইতিবাচক প্রশংসা পেয়েছি, আবার কখনও সমালোচনাও এসেছে। কিন্তু এখনও দলকে ঘিরে মানুষের প্রত্যাশা আছে, এটাই গুরুত্বপূর্ণ। দল ভালো ফুটবল খেলছে, কিন্তু অবশ্যই সেই জয়টা দরকার যা সবকিছু শান্ত করবে।'
এরপরই স্প্যানিশ কোচ যোগ করেন, 'সমালোচনা মেনে নেওয়াটা কাজেরই অংশ। যা সবসময় দলের সেরাটা বের করে আনে। সবাইকে সন্তষ্ট করা কঠিন। কারণ সবারই ভিন্নমত থাকবে। তবে আমরা দলের সঙ্গে কথা বলেছি, যদি কোনো কিছু দলকে একত্রিত করতে পারে সেটা ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়। সেটাই হবে সমর্থকদের জন্য সেরা উপহার।'
আরেক প্রবাসী কিউবা মিচেলের দলে অবস্থান নিয়ে কাবরেরা বলেছেন, ' কিউবা ভালো করছে৷ তাকে নিয়ে ধীরে ধীরে এগোতে হবে, কারণ এখনো আমাদের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। তবে উন্নতির ক্ষেত্রে সে খুবই মনোযোগী এবং ইতিবাচক।'