‘বর্তমান সরকার এনসিপির নেতাকর্মীদের বগলে নিয়ে ঘুরছে’

‘বর্তমান সরকার এনসিপির নেতাকর্মীদের বগলে নিয়ে ঘুরছে’

রাজনৈতিক দল মৌলিক বাংলার সভাপতি খান শোয়েব আমান বলেছেন, ‘বর্তমান সরকার এনসিপির যারা নেতাকর্মী, তাদের বগলে নিয়ে ঘুরছে। তাদের ভাবসাব দেখলে মনে হয় যে, তারা এখনই নেতা হয়ে গিয়েছে। আমাদের ওপরে যারা অত্যাচার করছেন, জামায়াত বা বিএনপির লোকজন তাদের ক্ষেত্রে মনে হয় যে তারা অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন। তারা কেউই আগামী দিনের কথা ভাবছে না, তারা ভাবছেন বর্তমানের কথা।’

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দল নিবন্ধনের প্রথম পর্যায়ের তদন্তে উত্তীর্ণ এই রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন অভিযোগ করেন তিনি।

ইসির তদন্ত কর্মকর্তারা অপ্রীতিকর প্রশ্ন করছেন উল্লেখ করে খান শোয়েব আমান বলেন, ‘নির্বাচন কমিশন বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই এখন যারা ক্ষমতায় আছে তাদেরই প্রতিনিধিত্ব করছে। তারা যদি এই সরকারের প্রতিনিধিত্ব না করতেন, তাহলে কীভাবে আমরা রাজনীতি করি, গণমানুষের কথা বলি, আমাদের কীসের জন্য তারা বলছে, রাজনৈতিক দল করার দরকার কী। আমাদের যারা রাজনীতি করে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা আজকে প্রশ্ন করছে। আমরা প্রত্যেকের (তদন্ত কর্মকর্তাদের) নাম নোট করেছি। উনারা আমাদের যে সমস্ত কথা বলেছেন খুবই অপ্রীতিকর কথা। খুবই সেনসিটিভ কথা যা রাজনৈতিক দলের প্রতি সরকারি কোনও মানুষ বলতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের কথা বলতে আসছি। ২০১২ সাল থেকে অনেক দল নিবন্ধন পেয়েছে। তারা কীভাবে নিবন্ধন পেয়েছে আমরা সবাই জানি। আমরা কোনও অবস্থাতেই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করি নাই। কম্প্রোমাইজ না করার জন্য আজকে আমরা এই পর্যন্ত আসছি। সময় হলে আমরা ওই কর্মকর্তাদের নাম জনসমক্ষে নিয়ে আসবো।’

মৌলিক বাংলার সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ সজীব বলেন, ‘নির্বাচন কমিশন প্রথমে তদন্ত, পরে পুনর্তদন্ত এখন আবার অধিকতর তদন্ত করছে। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ আমাদের নেতা-কর্মীরা অন্য পেশার পাশাপাশি রাজনীতি করেন। বারবার তদন্তের নামে মাঠ পরিদর্শনে যাওয়ায় তাদের কর্ম ব্যাহত হচ্ছে। তারা যে তদন্ত করছেন এটা ময়না তদন্তের মতো।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহযোগিতার থেকে অসহযোগিতাগুলো বেশি করেছেন। ইসির বিধিমালা অনুযায়ী যে ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন আমরা প্রত্যেকটা ডকুমেন্টস দেওয়ার পরেও তারা যেটা করছে, তারা চায় যে, আমরা যে অফিসগুলো নিয়েছি, সেই অফিসের দলিল। আমরা অফিস নিয়ে ভাড়ার চুক্তিপত্র করছি। এই ভাড়ার চুক্তিপত্রের বাইরে যিনি মালিক থাকেন, তাকে সম্পত্তির দলিল নির্বাচন কমিশনকে দেখাতে বলে। যেটা আসলেই পুরোটাই আনইথিক্যাল।’

ছাদেক আহম্মেদ বলেন, ‘আমরা বলতে চাই নির্বাচন কমিশন আমাদের যেভাবে সহযোগিতা করার কথা ছিল এবং যেভাবে তারা প্রক্রিয়াগুলো চালাবে আসলে তারা পুরোটাই উল্টোভাবে করেছে। প্রথম ধাপে ২০ এপ্রিল আমরা যখন যে ডকুমেন্টগুলো জমা দিই, নির্বাচন কমিশন তা তদন্ত সম্পন্ন করছে। যেটা আমাদের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে আমরা সেখানে নানাভাবে তাদের সঙ্গে সহযোগিতা করতে যেয়ে তারা আমাদের বিদ্রূপ করেছে এবং আমাদের অসহযোগিতা করেছে। তারা আমাদের শক্তিক্ষয় এবং অর্থ ক্ষয় করিয়েছে, যেটা মৌলিক বাংলার জন্য খুবই মুশকিলের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে তাদের প্রক্রিয়াগুলো করতেছে, তারা একটা দলের জন্য বাকি দলগুলোর নিবন্ধন দিচ্ছে না। এনসিপিকে যেভাবে নির্বাচন কমিশন প্রায়োরিটি দিচ্ছে এবং তাদের জন্য বাকিদের যে নিবন্ধন প্রক্রিয়া তা আটকে রেখে সেটাকে তিনটা ধাপে নিবন্ধনকে নিয়ে গেছে। এটা পুরোটাই সংবিধান লঙ্ঘন। নির্বাচন কমিশনের নীতিমালা লঙ্ঘন।’

এদিকে আজকে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টিও অধিকতর তদন্ত না করে প্রথম তদন্তের ভিত্তিতে নিবন্ধন দেওয়ার দাবী জানিয়েছে। একইসঙ্গে দলটির পক্ষ থেকে নিবন্ধন আইন সহজ করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক তদন্তে এই দু’টি দলই টিকেছিল। তবে আরও যাচাইয়ের জন্য অন্য নয়টি দলের সঙ্গে এদেরও অধিকতর তদন্ত করছে ইসি। ইতোমধ্যে এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এনসিপি’র নিবন্ধন আটকে আছে ‘শাপলা’ প্রতীক জটিলতায়। ইসি বলছে এই প্রতীক কোনও দলকে দেওয়া যাবে না। আর এনসিপি বলেছে ‘শাপলা’ প্রতীক দিতে কোনও আইনগত বা রাজনৈতিক বাধা নেই। তারা শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin