ফাইল ছবি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র আজ রোববার (২১ সেপ্টেম্বর) যাচাই-বাছাই করা হবে। এরপর আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এদিকে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। এরপর অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কেন্দ্র সংসদে বিভিন্ন পদে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যা মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে।
এদিকে, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্তত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে।
এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।
/আরএইচ