চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অক্সিজেন–হাটহাজারী সড়কের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি–ছাত্রদল ও জামায়াত–ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা।
ছাত্রদলের চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছেন। তারা সেখানে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রদল এসে স্লোগান দিয়ে উসকানি দিচ্ছে। আমরা সংঘর্ষ চাই না।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে এখনো ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা ১৪টি এলইডি স্ক্রিনে তা সরাসরি দেখানো হচ্ছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ এক নম্বর গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। দু'পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই সরে গেছেন।
এমআই/টিসি