ছাড়া হয়েছে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে, মেরে ‘আধমরা’ করার অভিযোগ

ছাড়া হয়েছে ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে, মেরে ‘আধমরা’ করার অভিযোগ

সিটি ইউনিভার্সিটিতে আটক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আটক ১১ শিক্ষার্থীকে সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হস্তান্তর করা হয়েছে।

সিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার বলেন, ইতিমধ্যে তাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের প্রশাসনের কিছু লোকজন এসেছিলেন, তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা তো আর তাদের আটকে রাখিনি, তারা এখানে ঘুরে ফিরেই বেড়াচ্ছিল। যেহেতু তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল, যেহেতু রাতের বেলা ছিল তো। আমরা মূলত তাদের সেইফ করার চেষ্টা করেছি, কারণ কেউ যেন তাদের আঘাত করতে না পারে, এ জন্য তাদের একটা নিরাপত্তার মধ্যে আমরা রেখেছিলাম। এরপর ওনারা এসে তাদের নিয়ে গেছেন।

এদিকে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, ছাত্রদের ছাড়ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের পিটিয়ে আধমরা করে ফেলেছে। এ ছাড়া ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের ভিসি (ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়) তাদের সেখানে ভাঙচুর করতে পাঠিয়েছে- এমন জবানবন্দিও রাখা হয়েছে। 

তিনি বলেন, মূলত ইউজিসি তাদের মুক্ত করেছে। ইউজিসির প্রতিনিধি দলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, শিক্ষিকরাও ছিল। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, তাদের এখন আমরা হাসপাতালে পাঠাচ্ছি। শিক্ষার্থীদের অবস্থা অত্যন্ত গুরুতর, তাদের ব্যাপক মারধর করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin