রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে চেতনা নাশক খাওয়ায়ে অচেতন করে টাকা লুট করার সময় অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণপিটুনি দিয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে বাস থামিয়ে ৫ জনকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। অচেতন বাস যাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গণপিটুনিতে আহত ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারা হলেন—আব্দুর রশিদ (৪৭), কামাল হোসেন (৪৫), বেল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও উসমান আলী (৪০)।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এসময় গণপিটুনিতে আহত অজ্ঞান পার্টির ৫ জনকে আটক করা হয়। এরপর তাদের ঢামেকে নিয়ে আসা হয়। আব্দুল মান্নান হাসপাতালে ভর্তি আছেন। অন্য ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে উত্তরা ৯ সেক্টরের ৩৩ নম্বর রোডের একটি বাসার কেয়ারটেকার হিসেবে কর্মরত। চলন্ত গাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ওই ব্যক্তিকে আচার জাতীয় বস্তু খাওয়ান। পরে তিনি বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা তার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা নেওয়ার সময় বাসে থাকা শিক্ষার্থীরা টের পেয়ে অজ্ঞান পাটির সদস্যদের হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এবং তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।