উজানের ঢলে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

উজানের ঢলে দুধকুমার নদে ভেসে এলো মৃত গন্ডার

কুড়িগ্রামের দুধকুমার নদে ভারত থেকে একটি মৃত গন্ডার ভেসে এসেছে। কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে গণ্ডারটি ভেসে আসে বলে স্থানীয়দের ধারণা।

বুধবার (১০ অক্টোবর) ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর এলাকায় নদীর চরে আটকে পড়া প্রাণীটি দেখতে আসেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান ও যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা।

এসময় জুয়েল রানা বলেন, গণ্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাস পর পচন প্রক্রিয়া সম্পন্ন হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এগুলো শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুধকুমার নদে স্রোতের সঙ্গে ভেসে আসে প্রাণীটি। পরে ভূরুঙ্গামারীর দক্ষিণছাট গোপালপুর এলাকায় চরে আটকে পড়ে মৃত গণ্ডারটি।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বলেন, উজানের ঢলে কালজানি ও দুধকুমার নদে হাজার হাজার গাছের গুঁড়ি ও কাঠ ভেসে এসেছিল। এর সঙ্গে ওই মৃত গণ্ডারটি ভেসে আসে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, উজানের ঢলে মৃত গণ্ডারটি ভেসে এসে দুধকুমার নদের চরে আটকে পড়েছে। মঙ্গলবার এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি বন বিভাগকে অবগত করি।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘গণ্ডারটি বড় ও ভারী হওয়ায় সরানো সম্ভব হয়নি। তাই মাটিতে গর্ত করে সেখানেই পুঁতে ফেলার জন্য বলা হয়েছে। জাদুঘরের লোকজন এর হাড় সংগ্রহ করবেন।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin