চুয়াডাঙ্গা: ভেজাল সার বিক্রি ও মজুদ করার অপরাধে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ায় সার, বীজ ও কীটনাশক দোকান তদারকির সময় এ জরিমানা করা হয়।
এ সময় বাজারে উপস্থিত অন্যান্য প্রতিষ্ঠানকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে কেনা-বেচা করা, রশিদ সংরক্ষণ করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন ওষুধ, বীজ, সার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে কামরুল হাসানের মালিকানাধীন মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এক মাস আগে ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে আট বস্তা বাংলা টিএসপি সার সন্দেহজনকভাবে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষায় এগুলো ভেজাল সার বলে প্রমাণিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা।
এসএইচ