ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ডাকসুর বর্তমান কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুতে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে ভিপি সাদিক কায়েম বলেন, “হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদানের বিষয়টি অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে করা হয়েছিল। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে অগণতান্ত্রিক পদ্ধতিতে তাকে এই সদস্যপদ দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশন বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টার দিকে ডাকসু কনফারেন্স কক্ষে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ সম্পূর্ণ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।