জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন জায়গায় ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করা হয়েছে। ছাত্রদলের ঢাবি শাখার বিজয়-৭১ হলের সদস্য সচিব সাকিব বিশ্বাসের উদ্যোগে এই লাইব্রেরি স্থাপন করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ ও টিএসসি এলাকায় স্থাপন করা হয় এই লাইব্রেরি।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের বিষয়ে সাকিব বিশ্বাস বলেন, এই উদ্যোগটি নেওয়া হয়েছে ঢাবির সেই সব জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য, যারা বই পড়তে ভালোবাসে এবং জ্ঞানের পরিধি বাড়াতে আগ্রহী। বিশেষ করে আমাদের দেশে, গত তিন বছর ধরে কোনও সক্রিয় লাইব্রেরি কার্যক্রম ছিল না। সেই প্রেক্ষাপটে আমরা এখানে ছোট পরিসরে একটি ভ্রাম্যমাণ পাঠাগারের আয়োজন করেছি।
ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে এবং শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তোলার এবং বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করার উদ্দেশে আজকের এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনও ছাত্রলীগের মতো ‘মাসল’ পাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থান করা যায়।