সিলেটে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। মিছিলে ১৫-২০ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক ওমর ফারুক (২৪) এসএমপির এয়ারপোর্ট থানার সুবিদ বাজারের (হাজী পাড়া) সিফত মিয়ার ছেলে। সে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহী শুক্রবার বিকালে তার ফেসবুক আইডিতে প্রথম মিছিলের ভিডিও প্রকাশ করেন। সেখানে ক্যাপশনে উল্লেখ করেন- ‘অনেকদিন পর আবারও সিলেটের রাজপথে। অসংখ্য ধন্যবাদ সাহসী যোদ্ধাদের, যারা ঝুঁকি নিয়ে রাজপথে সঙ্গ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
মিছিলে নেতৃত্ব দেন রাহী নিজে। মিছিলে অংশ নেওয়া দুই তিন জন ছাড়া অধিকাংশ নেতাকর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। মিছিলে দেখা যায়, এমসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে। আর বাকিদের চেনা যায়নি। মিছিলের ব্যানারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ছবি দেখা যায়। রাহী ও টেলেন্ট রনজিত সরকারের গ্রুপের নেতা ছিলেন।