ঢাকায় ভূমিকম্পের আঘাতে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) বিভিন্ন দেশের দূতাবাস থেকে পাঠানো বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়।
বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল গতকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এছাড়া পৃথক বার্তায় ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ার দূতাবাস, ফিলিপাইন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, কসোভো, জাপান, বিমসটেক সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।