সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারশোতে প্রদর্শনী ফ্লাইট চলাকালে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আইএএফ সমবেদনা জানাচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে
হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে (১০:১০ জিএমটি) বিধ্বস্ত হয় বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর খবরে বলা হয়েছে।
দুবাই মিডিয়া অফিস এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই দমকলকর্মী ও জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
দুবাই এয়ারশো ২০২৫-এর ওয়েবসাইট অনুযায়ী, এ বছরের আয়োজনটিতে ১ হাজার ৫০০টির বেশি কোম্পানি এবং ১ লাখ ৪৮ হাজারের বেশি দর্শনার্থী অংশ নিয়েছেন। সোমবার শুরু হওয়া এই প্রদর্শনী অনুষ্ঠানের শেষ দিনেই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে।