দুই হাত না থাকা সেই জসিম পাচ্ছেন এনআইডি কার্ড

দুই হাত না থাকা সেই জসিম পাচ্ছেন এনআইডি কার্ড

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বরের (২৬) দুটি হাত নেই। আঙুলের ছাপ দিতে না পারার কারণে আবেদন করেও দীর্ঘ প্রায় তিন বছর ধরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাচ্ছিলেন না।

গত ২১ সেপ্টেম্বর ‘হাত না থাকায় জসিমের জুটছে না এনআইডি কার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। এরপর উপজেলা প্রশাসন তার এনআইডি কার্ড করে দেওয়া আশ্বাস দেয়। অবশেষে জসিমের কপালে জুটতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।

জসিম মাতুব্বর জাগো নিউজকে বলেন, জাগো নিউজ আমাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। সর্বশেষ আমার হাত না থাকায় এনআইডি কার্ড হচ্ছিল না, এ নিয়ে একটি সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে খবর দিয়ে ডেকে নেন এবং তিনি আমার সঙ্গে থেকে ভোটার আইডি কার্ডের জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করে দেন। এছাড়াও তিনি আমাকে পাঁচ হাজার টাকা সহায়তা করেন।

তিনি আরও বলেন,‌ আমার দুটি হাত নেই, পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি সকলের কাছে দোয়া চাই।

আরও পড়ুনহাত না থাকায় জসিমের জুটছে না এনআইডি কার্ড৩০ হাজার টাকার বিনিময়ে জেল খাটতে এসে ফিঙ্গারপ্রিন্টে ধরা পাহারার সময় যুবককে ডাকাত সন্দেহে পিটিয়ে মারলো স্থানীয়রা 

নগরকান্দা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শাওন সাগর জাগো নিউজকে বলেন, জাগো নিউজের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়। জসিম মাতুব্বর পা দিয়ে স্বাক্ষর করেছেন। চোখের আইরিশ নেওয়া হয়েছে। যেহেতু তার দুটি হাত নেই, ফলে আঙুলের ছাপ নেওয়া যায়নি। হাত না থাকার বিষয়টি চিঠির মাধ্যমে কমিশনে জানানো হবে। সেক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে আশা করি তার জাতীয় পরিচয়পত্র হয়ে যাবে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জাগো নিউজকে বলেন, জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য মনোবল আর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছেন জসিম। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় তিনি নানা সমস্যার মুখে পড়ছিলেন। জাগো নিউজে সংবাদের মাধ্যমে জানতে পেরে জসিমকে খবর দিয়ে ডেকে আনা হয়। এরইমধ্যে তার এনআইডি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম শেষ করা হয়েছে। নির্বাচন কমিশনে আমি কথাও বলেছি। আগামী সাতদিনের মধ্যে জসিম জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়ে যাবেন। আমরা বিশ্বাস করি, জসিমের মতো প্রতিটি সংগ্রামী তরুণ তার প্রাপ্য অধিকার পাবে এবং সমাজে এগিয়ে যাবে নতুন অনুপ্রেরণা হয়ে। জাগো নিউজকে ধন্যবাদ।

জন্ম থেকেই জসিমের দুটি হাত নেই, পা দিয়েই চলছে লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম। নিয়মিত পড়াশোনার পাশাপাশি করছেন ব্যবসা। কখনো ফলের ব্যবসা আবার কখনো কাঁচামালের ব্যবসা। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তিনি। বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র এবং নিজের জন্মনিবন্ধন থাকলেও দ্বারে দ্বারে ঘুরতে হয় জাতীয় পরিচয়পত্রের জন্য। কিন্তু হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছিলেন না জসিম। ফলে তার এনআইডি কার্ড হচ্ছিল না।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin