দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব মহাপরিচালক

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব মহাপরিচালক

দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

আজ সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শহিদুর রহমান।

র‍্যাব মহাপরিচালক বলেন, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা দিচ্ছে। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে, সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। যদি কোনো তথ্য আসে, যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূজা আয়োজকদের উদ্দেশে এই অতিরিক্ত আইজিপি বলেন, দিনরাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন। বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

র‍্যাবের ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin