এবার প্রশান্ত মহাসাগরে মার্কিন ‘মাদকবিরোধী’ অভিযান, নিহত ৫

এবার প্রশান্ত মহাসাগরে মার্কিন ‘মাদকবিরোধী’ অভিযান, নিহত ৫

মার্কিন মাদকবিরোধী অভিযানে আবারও হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে দুটি আলাদা নৌযানে চালানো হামলায় অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, দুটি নৌযানই মাদক পাচারে জড়িত ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (২২ অক্টোবর) জানান, প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো হামলায় দুই জন নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা পর তিনি আবার জানান, পৃথক এক নৌযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো সামরিক হস্তক্ষেপ করলো ওয়াশিংটন। এর আগে, ক্যারিবীয় অঞ্চলে অন্তত সাতটি হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ওই হামলাগুলোয় অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে।

সর্বশেষ হামলার বিষয়ে কোনও প্রমাণ পেশ ছাড়াই হেগসেথ দাবি করেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানগুলো অবৈধ মাদক পাচারে জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি প্রায় ৩০ সেকেন্ডের দুটি ভিডিও পোস্ট করেন। ফুটেজে একটি নৌযান বিস্ফোরিত হতে দেখা যায়।

কোনও হামলার ঘটনাতেই, মাদকের প্রকৃতি, পরিমাণ, গোয়েন্দা তথ্যের সত্যতা, সন্দেহভাজন মাদক পাচারকারীদের পরিচয় কিছুই প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এসব হামলা পরিচালনায় তাদের আইনি ক্ষমতা আছে এবং প্রতিটি হামলাতেই মার্কিনিদের প্রাণ রক্ষা হচ্ছে।

প্রয়োজনে ভেনেজুয়েলার অভ্যন্তরেও হামলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ভেনেজুয়েলা ও কলম্বিয়াকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য দায়ী করে আসছেন ট্রাম্প। হামলার শিকার হওয়া নৌযানের কোনও সঠিক পরিচয় প্রকাশ ছাড়াই সেগুলোকে নির্দিষ্ট দেশের মাদক পাচারকারী বলে তকমা দিয়ে বসেছে ট্রাম্প প্রশাসন।

তবে এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, মাদক পাচারে জড়িত কথিত বাহনগুলো আটকের চেষ্টা না করে সরাসরি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্য স্পষ্ট নয়। এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রধান সামুদ্রিক নিরাপত্তা বাহিনী কোস্ট গার্ডের বদলে সেনাবাহিনী ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

গত আগস্টে মার্কিন কোস্টগার্ড প্রশান্ত মহাসাগরে অপারেশন ভাইপার নামের একটি অভিযান শুরু করে, যার মাধ্যমে ১৫ অক্টোবর পর্যন্ত লক্ষাধিক পাউন্ড কোকেইন জব্দ করা হয়।

গত সপ্তাহে রয়টার্স জানায়, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা থেকে দুইজন সন্দেহভাজন মাদক পাচারকারী বেঁচে গিয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে যুক্তরাষ্ট্রের একটি নৌযানে নেওয়া হয় এবং পরবর্তীতে কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়।

তথ্যসূত্র: রয়টার্স

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin