দ্বৈত ঋণ অনুমোদন ও ঋণখেলাপির অভিযোগে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এফএফআইএল) তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ ও ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
দুদকের মামলার অভিযোগে বলা হয়, এফএএস ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং মেসার্স ম্যানট্রাস্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক পরস্পর যোগসাজশে নিয়ম ভেঙে একই স্থাবর সম্পদের বিপরীতে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে দুবার ঋণ অনুমোদন ও বিতরণ করেন। এভাবে বিতরণ করা ২ কোটি ৭০ লাখ টাকার ঋণ বর্তমানে সুদ–আসলে ৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকায় দাঁড়িয়েছে। এই অর্থ খেলাপি হওয়ার কারণে আসামিদের বিরুদ্ধে মামলা অনুমোদন করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম, এফএএস ফাইন্যান্সের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহমেদ ফারুকী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, মো. জাহাঙ্গীর আলম ও মো. সিদ্দিকুর রহমান।