একতরফা ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারাল ভারত

একতরফা ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারাল ভারত

ক্রিকেটে আজকাল ভারত-পাকিস্তান ম্যাচ মানেই খেলার চেয়ে ‘ধুলা’ নিয়ে বেশি আলোচনা। মেয়েদের বিশ্বকাপেও ব্যতিক্রমী কিছু হলো না। ছেলেদের এশিয়া কাপের তিন ম্যাচের পর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও দেখা গেল টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথে উত্তেজনা যা ছিল এই হাত মেলানো নিয়েই। মাঠের লড়াইটা একতরফাই হলো। মেয়েদের ওয়ানডেতে দুই দলের আগের ১২ দেখায় যে ফল দেখেছে আজও দেখল তা—ভারতের সহজ জয়। ভারতকে ২৪৭ রানে অলআউট করা পাকিস্তান রান তাড়ায় পাকিস্তান ৪৩ ওভারে অলআউট ১৫৯ রানে। ভারত জিতল ৮৮ রানে। টানা দ্বিতীয় ম্যাচ জিতে আপাতত আট দলের লিগ পদ্ধতির প্রথম পর্বে ভারতই শীর্ষে। অন্যদিকে বাংলাদেশের পর ভারতের কাছেও হেরে পয়েন্টশূন্যই রইল পাকিস্তান।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। প্রতীকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা উদ্বোধনী জুটিতে ৯ ওভারে তুলে ফেলেছিলেন ৪৮ রান। পাকিস্তান অধিনায়ক ২৩ রান করা মান্ধানাকে এলবিডব্লু করে ভাঙেন জুটি।

৫০তম ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে এরপর নিয়মিতই উইকেট হারিয়েছে ভারতীয়রা। দলটির হয়ে সর্বোচ্চ রান তিনে নামা হারলিন দেওলের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রান করা দেওল আজ করেছেন ৪৬ রান। এ ছাড়া আটে নেমে ২০ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন উইকেটকিপার রিচা ঘোষ। ৩২ রান করেছেন জেমিমা রদ্রিগেজ ও ওপেনার রাওয়াল করেছেন ৩১।  

পাকিস্তানের পেসার ডায়না বেগ ৬৯ রানে নিয়েছেন ৪ উইকেট। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে ৪ উইকেট পেলেন ডায়না।

রান তাড়ায় একবারও মনে হয়নি পাকিস্তান জিততে পারে। দলটির হয়ে সর্বোচ্চ ৮১ রান করেছেন তিনে নামা সিদরা আমিন। নারী ওয়ানডে বিশ্বকাপে যা পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। সর্বোচ্চ ইনিংসও সিদরার। ২০২২ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ১০৪ রান। ৬৯ রানের চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী নাতালিয়া পারভেজ করেছেন ৩৩ রান।

ভারতের মিডিয়াম পেসার ক্রান্তি গৌড় ২০ রানে ও অফ স্পিনার দীপ্তি শর্মা ৪৫ রানে নিয়েছেন ৩টি করে উইকেট।

বুধবার পাকিস্তান কলম্বোতেই তৃতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরের দিন বিশাখাপট্টনমে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin