এনসিপিকে প্রতীক নিতে হবে ইসির তালিকা থেকেই

এনসিপিকে প্রতীক নিতে হবে ইসির তালিকা থেকেই

ইসির তালিকা থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বাছাই করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও রাজনৈতিক দল হিসেবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটি দল (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীক চেয়েছে, সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিল, সেখানে নেই। এবং না থাকার কারণে আমরা তাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য একটা চিঠি দেবো। সে চিঠিটা পাওয়ার পরে তারা আমাদের যে প্রতীকটা বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তি দেবো। আর অন্য দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ, তাদের প্রতীকের ব্যাপারটা ঠিক আছে। তারা একটা প্রতীকের কথা বলেছেন সেটা ঠিক আছে।’

এদিকে এনসিপি প্রথমে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইলে ফোন’-এর যেকোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানায়। পরবর্তীতে সে আবেদনে সংশোধন এনে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ এবং ‘লাল শাপলা’ দেওয়া আবেদন জানায়।

এই বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব বলেছিলেন, ‘এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। আমাদের ১১৫টার যে শিডিউল করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে, সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের মধ্য থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?’

এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা আজকেও শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু এই তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে।’

এরই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন। এটা তাদের বলার অধিকার আছে। তারা বলতে পারেন আমরা তো আর সেরকম জবাব দিতে পারবো না। আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, অত্যন্ত উত্তম। আমরা শুনেই যাব এবং আমরা যথারীতি আইন মোতাবেক কাজ করেই যাব। আমরা মোটেও হুমকি মনে করি না। কারণ উনারা তো দেশের দ্রোহী না, দেশের প্রেমিক। তাদের এগুলাকে আমি হুমকি মনে করি না। তারাও দেশের প্রেমিক, দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা তারাও বুঝেন। আমি এটাকে দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনও হুমকি মনে করি না।’

উল্লেখ্য, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ১১৫টি প্রতীক হলো- আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin