ফখরের বিতর্কিত আউট নিয়ে আফ্রিদি—তার তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে

ফখরের বিতর্কিত আউট নিয়ে আফ্রিদি—তার তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামানের আউটকে ঘিরে বিতর্ক থামছেই না। এবার এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি। তাঁর মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। তিনি ফখরের আউট নিয়ে কথা বলতে গিয়ে টেনে এনেছেন আইপিএলকে।

গত পরশু ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বলে উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফখর। তবে পাকিস্তান দলের দাবি, বল স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল।

স্যামসন ক্যাচটি ঠিকভাবে নিয়েছেন, নাকি বল তাঁর গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে লেগেছে, তা নিশ্চিত হতে পারেননি মাঠের বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি সিদ্ধান্তের ভার দেন তৃতীয় আম্পায়ার, শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগের হাতে। ভিডিও রিপ্লে দেখে রুচিরা জানান, স্যামসনের আঙুল বলের নিচে ছিল। তাই ফখরকে আউট ঘোষণা করেন তিনি।

আউট হয়ে ফেরার পথে অসন্তোষ প্রকাশ করেন ফখর। ডাগআউটে ফেরার পথে মাথা নাড়াতে দেখা যায় তাঁকে। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ম্যাচ শেষে বলেছেন, তিনি মনে করেন এটি আউট ছিল না। এমনকি বিতর্কিত এই আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগও করেছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ জানিয়েছে, আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানিয়েছে পিসিবি।

বিতর্কিত সেই আউট নিয়ে আফ্রিদি মন্তব্য করেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে। সেখানে আফ্রিদি বলেছেন, ‘তার তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে।’

তাঁর সঙ্গে সায় দেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফও। ইউসুফের দাবি, ‘অনেক অ্যাঙ্গেল দেখা হয়নি। ফখর তিনটি চার মেরেছিলেন, বুমরাকে সামলে নিয়েছিলেন। তাঁর উইকেট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

একই সুরে কথা বলেছেন শোয়েব আখতারও। তাঁর ভাষায়, ‘ফখর আউট ছিলেন না। ২৬টা ক্যামেরা থাকা সত্ত্বেও মাত্র দুটি অ্যাঙ্গেল দেখা হলো কেন? ফখর খেললে ম্যাচ ঘুরে যেত।’

দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ৫ উইকেটে ১৭১ রান তুলে ৭ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে সূর্যকুমার যাদবের দল। টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলটিতে বিতর্কিতভাবে আউট হন ফখর।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin