ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে এক যুবকের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভাগদী গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাদেরা আক্তার (২৩) ওই গ্রামের স্বামী রাজু মাতুব্বরের (৩২) স্ত্রী। ঘটনার পর থেকে রাজু মাতুব্বর পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় রাজু মাতুব্বরের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি একটানা এলাকায় বেশি দিন থাকতেন না। ১৩ সেপ্টেম্বর নাদেরাকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর থেকেই রাজু স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। গতকাল বিকেলে মারধরের পর স্ত্রীকে বিভাগদী বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। রাতের কোনো একসময় হাতুড়ি দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।
আজ রোববার সকালে রাজুর ঘরে নাদেরার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সালথা থানার পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। এ কারণে তাঁর পরিবার শনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। পলাতক রাজু মাতুব্বরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।