নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম মূলত সিরিয়াস গল্পের নির্মাতা। তবে এবার আসছেন ভিন্ন মোড়কে। হাজির হচ্ছেন রোমান্টিক কমেডি ধাঁচে। প্রজেক্টের নাম ‘পারফেক্ট ওয়াইফ’।
২২ অক্টোবর রাত ১২টা (২৩ অক্টোবর)–থেকে দেখা যাবে চরকির নতুন এই ফ্ল্যাশ ফিকশন। এরিমধ্যে (২০ অক্টোবর) প্রকাশ পেয়েছে ট্রেলার। যা দেখে ধারণা করা যাচ্ছে, তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প।
ট্রেলারে স্পষ্ট যে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায়? নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, কলহের উৎপত্তি বোঝা যাবে কনটেন্টটি দেখার পর। তবে এই বোঝাপড়াটা এত সহজ নয়।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ। আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।’’ jwARI.fetch( $( "#ari-image-jw68f7307fd1cf4" ) ); ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘কাজলরেখা’ এবং ‘গুণিন’খ্যাত নির্মাতা সেলিমের কাছে দর্শকরা সিনেমাই প্রত্যাশা করে। কেন হঠাৎ করে কম দৈর্ঘ্যের কনটেন্ট নির্মাণ করলেন তিনি? উত্তরে এ নির্মাতা বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিত বলে মনে করি।’ তরুণ–নবীনদের নিয়েই কাজটি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এ কনটেন্টের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর এবারই প্রথম ফিকশনে কাজ করলেন। ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’–এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। এদের মধ্যে সুদীপ বিশ্বাস দীপ ছাড়া বাকি তিন জনই প্রথমবারের মতো কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায়।
ট্রেলার: গল্পে কী ‘পারফেক্ট ওয়াইফ’– এর বর্ণনা থাকবে? সুদীপ বিশ্বাস দীপের মতে জীবনে কিছুই পারফেক্ট না, তাই তিনি বলেন, ‘গল্পটি আসলে পারফেক্ট শব্দটাকে জাস্টিফাই করার জন্য না। যেমন আমার চরিত্রটি হলো আইনজীবী বাবার বখে যাওয়া সন্তানের। আমার অনেক কিছুরই অভাব নেই কিন্তু আমি কি পারফেক্ট? এমন অনেক বিষয় খুব মজার ছলে গল্পটিতে বলার চেষ্টা আছে। আমরা খুব মজা করে কাজ করেছি, আশা করছি দর্শকরাও মজা পাবেন। আর গল্পের শেষে দারুণ টুইস্ট আছে।’