দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোট গড়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি চলছে। দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময় বৈঠক চলছিল।
বৈঠকে অংশ নেওয়া একাধিক রাজনৈতিক নেতা জানান, বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিক দল গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্যসহ কয়েকটি দল রয়েছে। এছাড়া এবি পার্টি, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারাও রয়েছেন।
কোনও একটি সূত্র জানায়, বৈঠকে এনসিপিও অংশগ্রহণ করছে।
একটি রাজনৈতিক দলের নেতা বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনকে সামনে একটি বৃহত্তর জোট করার চেষ্টার অংশ হিসেবে আজকের বৈঠক। জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনও জোট হলে সেই জোটে অনেক দলই যেতে অনাগ্রহী। তবে জামায়াত নেতৃত্ব না দিলে যুগপৎ ধারায় কিছু করলে সেখানে অনেক দল থাকতে পারে।
বিএনপির একটি সূত্র জানায়, জামায়াতের বাইরে অন্যান্য দল মিলে, বিশেষ করে উদার-প্রগতিশীল ও ডানপন্থি দলগুলো মিলে জোট করলে নির্বাচনে ইতিবাচক ফলাফল আনার সুযোগ রয়েছে।
বৈঠকে থাকায় কোনও নেতাই এই প্রতিবেদকের কাছে উদ্ধৃত হতে সম্মত হননি।