গভীর রাতে ডাকাতির সময় নারীকে হত্যা

গভীর রাতে ডাকাতির সময় নারীকে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্বৃত্তরা একটি বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামে নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। ডাকাতরা ঘরের জিনিসপত্র তছনছ করার পর নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত বিমলা পোদ্দার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকার মৃত রাধেশ্যাম পোদ্দার আগরওয়ালার মেয়ে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৫-৭ জন মুখোশধারী ডাকাত টিনের চালা কেটে ঘরে ঢোকে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের হাত-পা বেঁধে মারপিট করে। ঘরের জিনিসপত্র তছনছ করে। সিন্দুকের চাবি নিয়ে সেখান থেকে নগদ ৩-৪ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এ সময় গৃহকর্তা হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন বিমলা পোদ্দার বাধা দিলে ডাকাতরা তাকে শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহত পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ভুষির ব্যবসা করেন। তাদের বয়স ৬০ থেকে ৭০-এর মধ্যে। সবাই অবিবাহিত। তাদের মধ্যে দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে ঘর থেকে টাকা ও মোবাইল ফোন লুট হয়েছে। এ সময় এক নারীকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, ১৭ দিনের ব্যবধানের দুপচাঁচিয়া উপজেলার দেবখন্ড গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি ও ভেলুরচকে আশিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরপর এ ডাকাতি ও হত্যার ঘটনায় জনগণের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin