গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট ছাড়েননি। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলে ৪৭ রান সংগ্রহ করেন তিনি। তবে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে হাসপাতালে ভর্তি! হঠাৎ এমন কী হয়েছে সাবেক জাতীয় তারকার?
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার বেলা ১১টার পর নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার। সেই পোস্টের মাধ্যমেই রিয়াদের হাসপাতালে ভর্তির খবরটি জানা গেছে। ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় কেউ একজন শুয়ে আছেন। তবে ছবির ক্যাপশনে পরিষ্কার হয়, শুয়ে থাকা ব্যক্তিটি মাহমুদউল্লাহ স্বয়ং। জান্নাতুলের অ্যাকাউন্ট থেকে এ পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জ্বর নিয়ে ৩-৪ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।’