রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগে হত্যাচেষ্টা মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, হিরো আলমের ওপর হামলার মামলায় তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া খান কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে খিলক্ষেত থানাধীন ডুমনী বাজার থেকে ম্যাক্সকে গ্রেফতার করা হয়।
হত্যাচেষ্টার অভিযোগে গত এ ঘটনায় ৫ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
অভিযোগে বলা হয়েছে, এ বছরের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় মেইনরোড দিয়ে হেটে যাওয়ার সময় এজাহারনামীয় ৪ জনের নির্দেশে অজ্ঞাত নামা আরও ৬ জন আসামি তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। জোর করে আসামিরা তাকে পাশের কাশবনে নিয়ে যায় এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভির হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম পান। অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়েও আঘাত করে। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন। পরবর্তী সময়ে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাম দিকে লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুসি, লাথি ও চড় থাপ্পড় মেরে জখম করে। ম্যাক্স তার একটি মোবাইল ভেঙে ফেলে। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান হিরো আলম।