হোয়াটসঅ্যাপের সব চ্যাট থিমে ফিরছে নীল টিক

হোয়াটসঅ্যাপের সব চ্যাট থিমে ফিরছে নীল টিক

ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা উন্নত করতে গত ফেব্রুয়ারিতে ‘চ্যাট থিম’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেল, গ্রুপ ও ব্রডকাস্ট মেসেজে চ্যাটের বাবল ও ব্যাকগ্রাউন্ডের রং সহজেই পরিবর্তন করা যায়। ফলে ব্যবহারকারীরা পছন্দমতো থিম বেছে নিতে বা নিজের মতো করে তৈরি করতে পারেন। তবে কয়েক মাস আগে হঠাৎ করে কিছু চ্যাট থিমে নীলের পরিবর্তে সাদা টিক চিহ্ন ব্যবহার শুরু করে হোয়াটসঅ্যাপ। ফলে বিভিন্ন রঙের চ্যাট থিমে সাদা টিক চিহ্ন দেখতে না পাওয়ায় নিজেদের পাঠানো বার্তা প্রাপক পড়েছে কি না, তা জানতে পারেন না অনেক ব্যবহারকারী। এ সমস্যা সমাধানে সব ধরনের চ্যাট থিমে নীল টিক চিহ্ন পুনরায় ফিরিয়ে আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

চ্যাট থিম চালুর পর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো নিশ্চিত করতে নীল রঙের ডাবল টিক ব্যবহার করা হতো। তবে কিছুদিন পর কিছু চ্যাট থিমে নীলের পরিবর্তে সাদা রঙের টিক দেখা যায়। হোয়াটসঅ্যাপের উদ্দেশ্য ছিল থিমের রঙের সঙ্গে মিল রেখে রিড রিসিটকে আরও মানানসই করে তোলা। কিন্তু এতে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হন। কারণ, প্রাপকের কাছে পৌঁছানো বার্তায় ধূসর টিক আর প্রাপক বার্তা পড়ার পর দেখানো সাদা টিক একনজরে আলাদা করা অনেকের জন্যই বেশ কঠিন। দ্রুত বার্তা আদান-প্রদানের সময় এই বিভ্রান্তি আরও বেড়ে যায়। ব্যবহারকারীদের এ সমস্যার সমাধান করতেই আবার সব চ্যাট থিমে নীল টিক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন এ উদ্যোগ চালু হলে আগের মতোই প্রাপকের কাছে পৌঁছানো বার্তায় ধূসর টিক, আর প্রাপকের পড়া বার্তায় নীল টিক দেখা যাবে। ফলে চ্যাটে স্পষ্টতা বাড়বে এবং ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন কোন বার্তা প্রেরকের কাছে পৌঁছেছে আর কোন বার্তা পড়া হয়েছে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

সূত্র: টেকলুসিভ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin