হঠাৎ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার কিউবা মিচেল। তার সঙ্গে ফর্টিস এফসির মোর্শেদ আলীও রয়েছেন। রবিবার বাংলা ট্রিবিউনকে দবিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। কিউবা মিচেল এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন।
ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন কিউবা মিচেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে খেলানো নিয়ে আলোচনা আগে থেকেই। বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া ফুটবল লিগে অভিষেক হলেও জাতীয় দলে ডাক পাননি এতদিন।
অবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কিউবাকে প্রাথমিক স্কোয়াডের সঙ্গে যুক্ত করলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
এর আগে গত ৩০ অক্টোবর ১৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ১০ ফুটবলার যোগ দেন ক্যাম্পে। ২৭ জনের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে আসেননি।
হামজার আসার কথা আগামীকাল। শমিত আসবেন দুদিন পর। রবিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকালে হবে অনুশীলন ।
নতুন করে জাতীয় দলের ক্যাম্পে দুই ফুটবলারের ডাক পাওয়ার কারণ হিসেবে দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া এবং সজীব ইনজুরিতে রয়েছেন। যে কারণে কিউবা ও মোরশেদকে ডাকা।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর রাত ৮ টায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর একই সময়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।