চট্টগ্রামে ৫ মাদককারবারি গ্রেফতার, ইয়াবা ও টাকাসহ দুটি মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামে ৫ মাদককারবারি গ্রেফতার, ইয়াবা ও টাকাসহ দুটি মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের অভিযানে দুটি মাইক্রোবাস তল্লাশি করে ৬০ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। পরে মাইক্রোবাসের ভেতর রাখা একটি ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আব্দুল্লাহ আল মামুন (৪১), মাঈন উদ্দিন (৩০), রাশেদ আলম (৩৮), জসিম উদ্দিন (৪১) ও জুনায়েদ তানভীর তরফদার (২৯)।

মোজাফ্ফর হোসেন বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে– এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে পটিয়া থানাধীন কাদের ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালে দুটি গাড়ি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উল্টো পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে একটি মাইক্রোবাসকে আটক করেন। ওই মাইক্রোবাসে ৫ জন ছিল। তাদের কাছ থেকে ১০টি ইয়াবা এবং গাড়ির সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যে আরেকটি মাইক্রোবাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin