ক্যারিয়ার সেরা স্কোর বন্যার, উজ্জল রামকৃষ্ণও 

ক্যারিয়ার সেরা স্কোর বন্যার, উজ্জল রামকৃষ্ণও 

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আর্চারদের মধ্যে আলো ছড়াচ্ছেন রামকৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। 

রবিবার জাতীয় স্টেডিয়ামে কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আর্চারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা আক্তার। ৬৯৩ স্কোর গড়েছেন তিনি। বন্যার এটি ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় রেকর্ড স্কোর (২০৬১) গড়েছে বাংলাদেশও। আগে ছিল ২০৪৫। 

৭২ তীর ছোঁড়ার লড়াইয়ে শুরু থেকে নিশানা ঠিক রেখেছিলেন রামকৃষ্ণ। ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে তিনি হয়েছেন ষষ্ঠ। রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন আর্চার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে ৪১তম হয়েছেন। 

রিকার্ভ পুরুষ এককে সাগর, আলিফ ও রামকৃষ্ণের কাছেই প্রত্যাশা বেশি বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অবশ্য এই ইভেন্টে বাংলাদেশের চার আর্চার ‘বাই’ পেয়েছেন। রামকৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা ষোলোতে।

কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আর্চার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। 

কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আর্চারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়েছে উঠেছেন ১/১৬-এর মঞ্চে। 

রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৮৭ স্কোর করে সেরা হয়েছেন ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে ও কম্পাউন্ড নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতের দীপশিখা ৭০৫ স্কোর গড়ে প্রথম হয়েছেন। 

ব্যক্তিগত ক্যারিয়ার সেরা স্কোর করার পর বন্যা আক্তার বলেছেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি ছিলাম। আশা করি, ভালো কিছু দিতে পারবো এবং অনুশীলনে যে স্কোর ছিল, সেটা এখানে দিতে পেরেছি। বাতাস এখানে অনেক ছিল। বিশেষ করে প্রথম স্কোরিংয়ের সময় বাতাসটা বেশি ছিল। এতে  একটু প্রভাব পড়েছে। তবে আস্তে আস্তে এটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে প্রথমবার ক্যারিয়ার সেরা স্কোর করেছি। এটা কালকের জন্য কাজে দেবে। আমার আত্মবিশ্বাসও বাড়াবে।’

এরপর যোগ করেন, ‘এর আগেও কোরিয়া ও ভারতের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। সবশেষবার কোরিয়াকে হারিয়েছি। তবে যাদের সঙ্গে খেলবো, তাদের সঙ্গে খেলতে হবে। আমি যে সেরা স্কোর করেছি, সেটা যেন ধরে রাখতে পারি। ভারতের যে বিশ্ব চ্যাম্পিয়ন, তার সঙ্গেও খেলার অভিজ্ঞতা আছে। যদি সেরাটা দিতে পারি, তাহলে ভালো কিছুই হবে ইনশাহআল্লাহ। আমাদের টিমটা শক্তিশালী, লক্ষ্যও বেশি। যেহেতু শক্তিশালী, আশা করি ভালো পজিশনে যেতে পারবো আমরা।’

অপর দিকে,  রামকৃষ্ণ এখন এলিমিনেশন রাউন্ডে সেরাটা নিংড়ে দিতে উন্মুখ হয়ে আছেন। বলেছেন, ‘আমার যথেষ্ট ভালো র‌্যাঙ্কিং হয়েছে। ৬ নম্বর এসেছি, এটা আমার জন্য ভালো পজিশন। অবশ্যই বাতাস ছিল, বাতাসের প্রভাব ছিল। তারপরও আমার যে বেসিক ছিল, সেটা দিয়ে মেইনটেইন করেছি। এখন যে স্কোর হয়েছে, সেটা  ভালো। নক আউট এমন একটা রাউন্ড যেখানে যে কেউ হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। একটা মেডেল আশা করতে পারি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin