আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আট সদস্যের সফররত প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তিনি জানান, আইআরআই প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে। আসন্ন সংসদ নির্বাচনে আইআরআই’র পক্ষ থেকে পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারেও সবুজ সংকেত মিলেছে।
বৈঠকে উপস্থিত থাকা আইআরআই প্রতিনিধি দলের সদস্যরা হলেন, আইআরআই’র বোর্ড সদস্য, ক্রিস্টোফার জে. ফুসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক (সিএনএএস) লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার কারিগরি বিশেষজ্ঞ (আইআরআই) জেসিকা কিগান, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর (আইআরআই) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক (আইআরআই) জন ফ্লুহার্টি, পরামর্শক (আইআরআই) ড্যারিন বিয়েলেকি, এবং প্রোগ্রাম পরামর্শক (আইআরআই) অমিতাভ ঘোষ।