বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এতে লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকা জেলার সাভার এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি মামলার মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদফতর এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিনটি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই দিনে ঢাকা মহানগরের আজিমপুর ও টিকাটুলিতে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদফতর ২ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলার মাধ্যমে ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে, ২২২টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
এ সময় ২৮টি অবৈধ পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়, ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।