জাজিরা থানার ওসিকে প্রাণনাশের হুমকি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

জাজিরা থানার ওসিকে প্রাণনাশের হুমকি দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তিনি ওসি মাইনুল ইসলাম ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় জাজিরা থানার ওসি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জাজিরা থানা পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে মিথুন ঢালী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আড়ালে এলাকায় গোপন মহড়া দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে তিনি কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান নেন। নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে, তবে তারা পালিয়ে যায়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালীর নাম রয়েছে। মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হয়েও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও উসকানি দিয়ে আসছেন।

জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ২৯ সেপ্টেম্বরের বৃক্ষরোপণ আয়োজনের সময় তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের গোপন পাঁয়তারা করছিল। পুলিশ অভিযান চালালে তারা হামলার চেষ্টা করে। মামলার আসামি হওয়ায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin