জাকেরের সহজ স্বীকারোক্তি: ব্যাটিংই ডুবিয়েছে আমাদের

জাকেরের সহজ স্বীকারোক্তি: ব্যাটিংই ডুবিয়েছে আমাদের

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের হারে বিদায় নিল বাংলাদেশ। গতকাল রাতে দুবাইয়ে ম্যাচ শেষে দাঁড়ানো অধিনায়ক জাকের আলি জানালেন, টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই হার ডেকে এনেছে।

ফাইনালে ওঠার জন্য পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য খুব একটা বড় ছিল না। উইকেট অপেক্ষাকৃত কম চ্যালেঞ্জিং হলেও লক্ষ্য ধরা-ছোঁয়ার মধ্যেই মনে হচ্ছিল। কিন্তু রান তাড়ায় নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২৪ রানে থেমে যায় টাইগাররা। ম্যাচটিতে শামীম হোসেন একাই লড়াই করেছেন, ২৫ বলে করেছেন ৩০ রান। তবে সঙ্গ পাননি কারও।

এর আগের দিন বুধবার ভারতের বিপক্ষেও একই চিত্র দেখা যায়। বোলাররা প্রতিপক্ষকে ১৬৮ রানে আটকে রাখলেও ব্যাটাররা জ্বলে উঠতে না পেরে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জাকের আলি নিজেও ৯ বলে মাত্র ৫ রান করেন। তবে ম্যাচ শেষে দিয়েছেন স্পষ্ট স্বীকারোক্তি। ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে শেষ দুই ম্যাচেই আমরা হেরেছি। কিন্তু বোলিং ইউনিট দারুণ কাজ করেছে। গতকাল ব্যাটিং ব্যর্থতাই আমাদের ম্যাচ হারিয়েছে, আজও তাই হয়েছে। ’

নেতৃত্বের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছেন জাকের। লিটন দাসের চোটের কারণে দলের দায়িত্ব নেওয়া এই ব্যাটার বলেন, ‘কিছুটা কঠিন ছিল, তবে আমি চেষ্টা করেছি সুযোগগুলো কাজে লাগাতে। নিজের খেলায় মনোযোগ দিতে এবং দায়িত্বটা উপভোগ করতে। ’

ওপেনার সাইফ হাসান পুরো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ছিলেন। পাকিস্তানের বিপক্ষে ১৮ রানের বেশি করতে না পারলেও চার ইনিংসে ১৭৮ রান করেছেন তিনি, দুটি হাফসেঞ্চুরিও ছিল তার। জাকের তার ব্যাপারে আক্ষেপ করে বলেন, ‘ব্যাটার হিসেবে সাইফ পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারিনি। তবে বোলিং ইউনিট হিসেবে আমরা সত্যিই ভালো করেছি। ’

এই জয়ে পাকিস্তান প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার, দুবাইয়ে।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin