শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা ভাড়াটিয়া গ্রেফতার

শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা ভাড়াটিয়া গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধা হত্যার ঘটনায় কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজকে (৩০) আটক করেছে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্প। বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার পাচ্চর এলাকার চরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৮, সিপিসি-৩,  মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসামি কাজী রাসেল মাহমুদ ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়াপাড়ার মৃত কাজী কেরামত আলীর ছেলে। বর্তমানে তিনি শিবচরের যাদুয়রচর এলাকায় বসবাস করতেন। নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন তিনি।

র‍্যাব জানিয়েছে, ৯ মাস আগে রাসেল মাহমুদ ওরফে সবুজ বৃদ্ধা রানু বেগমের ঘরের একটি কক্ষ ভাড়া নেন। এরপর ঘরে চুরির ঘটনা ঘটলে ভাড়াটিয়া রাসেলকে সন্দেহ করতে শুরু করেন রানু বেগম। ৪ মাস ভাড়া থাকার পর এক পর্যায়ে এ নিয়ে মনমালিন্যের সৃষ্টি হয় উভয়ের মধ্যে। বিষয়টি নিয়ে রাসেল মাহমুদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

এই ক্ষোভ থেকেই গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বৃদ্ধার রান্না ঘরে গোপনে অবস্থান করে রাসেল। রাত ১১টার দিকে ঘরে ঢুকে হাতে ও গলায় আঘাত করে হত্যা করে রানু বেগমকে। পরে ঘরে থাকা দুটি মোবাইল ফোন, কানের দুল, রাইস কুকার, কাপড়-চোপড়সহ কিছু নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে এ তথ্য দেন হত্যার ঘটনার সাথে জড়িত রাসেল মাহমুদ। এছাড়াও চুরিকৃত কানের দুল ও একটি মোবাইল ফোন ইতোমধ্যে বিক্রি করে দিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় নিজ ঘর থেকে রানু বেগম নামের ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রানু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি ঘরে একা থাকতেন। তার এক ছেলে চাকুরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকতো। ঘটনার দিন সকালে ফোনে তার মাকে না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখেন এবং জানালা দিয়ে রানু বেগমের রক্তাক্ত নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

পরে পু্লিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ছেলে খোকন হাওলাদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

মাদারীপুর র‌্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, মামলার পরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতকে গ্রেফতারে সক্ষম হই আমরা। আসামিকে জিজ্ঞাসাবাদে ‘তীব্র ক্ষোভ থেকে হত্যা’ সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin