জেন-জি ফুটবল টুর্নামেন্টের খেলায় সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

জেন-জি ফুটবল টুর্নামেন্টের খেলায় সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সাফায়েত হোসেন শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুস সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও ২১-২২ সেশনের শিক্ষার্থী আশরাফুল‌ ইসলাম।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের আয়োজনে চলছে জেন-জি ফুটবল টুর্নামেন্ট। এর সেমিফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রোহান ও অপুর সঙ্গে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিন বিভাগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে প্রায় ১০ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে থাকেন। 

পরে রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি শৃঙ্খলা কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে উপাচার্য বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জিরো টলারেন্স। এই সব বিষয় আর অধিকতর আইডেন্টিফাই করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

নির্দিষ্ট কোনও সেমিস্টারের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বহিষ্কার মানে বহিষ্কার, কোনও সেমিস্টার নেই এখানে। বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করার জন্য এ সব কীটকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করতে হবে। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin