রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানে ককটেল, পেট্রোল বোমা, ধারালো দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ৩২ জনকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর ব্লকে এই অভিযান চালানো হয়।
অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘বুনিয়া সোহেল’র মাদকের আস্তানা থেকে বিপুল পরিমাণ হেরোইন, আটটি ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাত আটটার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক এ বিষয়ে বলেন, ‘জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি জানান, ক্যাম্পের ভেতরে আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হবে।
এর আগে গত ২৬ আগস্ট দুপুরে সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে।
ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল অবস্থান করছে—এমন খবর পেয়ে সেদিন গোয়েন্দা কর্মীরা তাকে গ্রেফতারের চেষ্টা চালালে সোহেল ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা ও তাদের একজন সোর্স গুরুতর আহত হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুনিয়া সোহেলের নেতৃত্বে ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। সাম্প্রতিক হামলা ও অপরাধের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পজুড়ে নজরদারি বাড়িয়েছে।
যৌথ সাঁড়াশি অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রম দমন ও সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।