উইকেট শিকারে সাকিবের পাশে মোস্তাফিজ

উইকেট শিকারে সাকিবের পাশে মোস্তাফিজ

ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও দেখেশুনে খেলার কারণ ছিল না। খেলেনওনি। বড় শট খেলতে গিয়েই বল তুলে দিলেন আকাশে। লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ।

মোস্তাফিজ পেলেন তৃতীয় উইকেট। সেই সঙ্গে বসে গেলেন সাকিব আল হাসানের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অনেক দিন ধরেই সাকিব। আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ৩ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর রেকর্ডে ভাগ বসালেন। দুজনের উইকেটই ১৪৯টি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচটিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ১৬৮ রান। এর মধ্যে বাংলাদেশের পেসাররাই দিয়েছেন ১২ ওভারে ১০৬ রান। তিন পেসারের ওভারপ্রতি খরচ ৮.৮৩ রান হলেও মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান।

১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মোস্তাফিজ প্রথমে আউট করেছেন কুশল পেরেরাকে (লিটনের হাতে ক্যাচ)। এরপর নিজের শেষ ওভারে তিন বলের মধ্যে ফেরান কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গাকে। ২ বলে ১ রান করা কামিন্দু ক্যাচ দেন লিটনের হাতে, হাসারাঙ্গা করেন ২ বলে ২ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব ১৪৯ উইকেট নিয়েছেন ১২৯ ম্যাচে। মোস্তাফিজ তাঁকে ছুঁয়ে ফেলেছেন ১১৭তম ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মোস্তাফিজ এখন সাকিবের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে।

তাঁদের চেয়ে বেশি উইকেট আছে ইশ সোধি (১৫০), টিম সাউদি (১৬৪) এবং রশিদ খানের (১৭৩)। সাকিব এবং সাউদি দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin