বৃহস্পতিবার নিজের ৮০ তম জন্মদিনে চারদিক দিয়ে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লিজেন্ডারি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক। তবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিছানায় শুয়ে সেই ভালো লাগার পাশাপাশি মনটা একটু বিষণ্নও। শরীরে যে বাসা বেঁধেছে মরণব্যধি ক্যানসার। হাসপাতালে দূরারোগ্য ব্যধির সঙ্গে চলছে লড়াই।
আব্দুস সাদেক ফুটবল এবং হকি দুটোই খেলেছেন শীর্ষ স্তরে। পাকিস্তান জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতীয় দলে ধারাবাহিকতা ছিল। আবাহনী লিমিটেডে দুই খেলাতে করেছেন অধিনায়কত্ব। এই দুই খেলায় তার নেতৃত্বেই প্রথম লিগ ট্রফি পেয়েছিল আবাহনী। অবসরের পর হকির কোচ ও ম্যানেজার ছিলেন।
১৯৮২ থেকে ১৯৮৪ এবং ২০১৫ থেকে ২০১৯; এই দুই মেয়াদে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাদেক এখন লড়াই করছেন ব্যধির সঙ্গে। সিঙ্গাপুরের হাসপাতাল থেকে আব্দুস সাদেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এক মাস আগে ক্যানসার ধরা পড়েছে। এখন কেমো চলছে। এমন অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। জীবনের অনেক অধ্যায় তো পেরিয়ে এসেছি, সবার কাছ থেকে দোয়া চাই।’