জুলাই আন্দোলনের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে একক বা যৌথ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
সভায় অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া আপ বাংলাদেশের সাংগঠনিক বিস্তৃতি, মহানগর, জেলা কমিটির কার্যক্রম পর্যালোচনা, নির্বাচন ও জোট গঠন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এছাড়া দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট জেলা ও মহানগর কমিটি গঠন এবং উপজেলা-থানা কমিটি গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামী ৭ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
এ সময় ডাকসু-জাকসুতে আপ বাংলাদেশের বিজয়ী প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নতুন সদস্যদের সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আহ্বায়ক, সদস্য সচিবসহ চতুর্থ সাধারণ সভায় উপস্থিত ছিলেন— আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সংগঠক নাঈম আহমাদসহ কেন্দ্রীয় কমিটির ৬১ জন সদস্য।