বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগেই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতেই। এটি বাস্তবায়নে গণভোট দিতে হবে। সেখানে পিআরের বিষয়টিও থাকবে। জাতির মতামত না নিয়ে পিআরকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।
শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের ভিত্তি দেওয়া’সহ পাঁচ দফা দাবিতে গণমিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা অংশ নেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর জনগণ বোঝে না বলে একটি পক্ষ অপপ্রচার করছে। দেশের বেশিরভাগ মানুষ এর পক্ষে। তারপরও গণভোটে বিষয়টি উল্লেখ করার দাবি জানাই। এতে জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেবো।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগসহ ফ্যাসিবাদের দোসরদের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। এ ক্ষেত্রে একটি বড় দল অসহযোগিতা করছে।
তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেক কর্মকর্তাই বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এসব আচরণ অবশ্যই পরিহার করতে হবে।
তিনি বলেন, অনেক দল সব সময় শুধু নির্বাচনের দাবিতে সোচ্চার বক্তব্য রাখছে। কিন্তু গণহত্যার বিচার ও সংস্কার কাজে সহযোগিতা করছে না; যা চব্বিশের শহীদদের আত্মার সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
গোলাম পরওয়ার কোনও ধরনের চাপে প্রভাবিত না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ ফটক থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।