কারাগারে বন্দি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার মৃত্যু

কারাগারে বন্দি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের এক নেতাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মারা যাওয়া ওই নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তার বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকার আমজাদ হোসেন শিকদারের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মুরাদ হোসেন। পরে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে বিকাল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারগারে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin